চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে আয়রন পানি সমস্যার সমাধানে নাটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একশনএইড বাংলাদেশ এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল আকর্ষণ ছিল যুবদের পরিবেশনায় নাটক ‘হাহাকার’, যা আয়রন পানির কারণে এলাকাবাসীর ভোগান্তি, স্বাস্থ্যঝুঁকি এবং সরকারি দপ্তরগুলোর অবহেলা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নাটকের পরিচালনায় ছিলেন একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর সুইট খান। অভিনয়ে অংশ নেন রাইসুল ইসলাম, ফাইহিমা আক্তার আইরিন, ইমন, পার্থ দে, সাইমা ইসলাম, রাফিয়া ইসলাম, জান্নাত, সুমা আক্তার, রুমা আক্তার ও সাইমা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের স্টেনোগ্রাফার মো. জামিলুর রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রকল্প ব্যবস্থাপক বিশু দে, লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ, প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয় এবং ইয়ুথ পিয়ার গ্রুপ ফেসিলিটেটর মৌসুমী আক্তার। এছাড়াও নারী সার্কেল দল এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রশ্ন-উত্তর পর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মো. জামিলুর রহমান বলেন, “আয়রন মানুষের শরীরের জন্য পুরোপুরি ক্ষতিকর নয়; এটি একটি প্রয়োজনীয় উপাদান। তবে মাত্রা বেশি হয়ে গেলে তা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। আয়রন সমস্যার সমাধানে আবেদন করলে কিছুদিনের মধ্যেই ট্যাবলেট বিতরণের ব্যবস্থা করা হয়।”
আয়োজকদের মতে, নাটক ‘হাহাকার’ কেবল সচেতনতা বৃদ্ধির জন্য নয়, বরং নীতিনির্ধারকদের সক্রিয়তা বাড়াতে একটি কার্যকরী মাধ্যম হিসেবে কাজ করবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন