চট্টলার কণ্ঠ ডেস্ক:পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড, বাস্তহারা কলেজ মোড় বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে “এন্টি-প্লাস্টিক ক্যাম্পেইন”।

একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৪০ জন ইয়ুথ গ্রুপ ও শিশু ফোরামের সদস্যরা। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়, একশনএইড-এর ইন্সপিরেটর নাহিদা আক্তার তৃষা এবং ইয়ুথ পেয়ার গ্রুপের ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।
সকাল ১০ টায় শুরু হওয়া ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে এলাকার রাস্তা ও আশেপাশের স্থান থেকে পলিথিন ও প্লাস্টিক কুড়িয়ে তা রিসাইকেল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। পাশাপাশি স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে মানববন্ধনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
ক্যাম্পেইনের শুরুতে বক্তব্য দেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়। তিনি বলেন, “পলিথিন ও প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি মাটি ও পানির স্থায়ীত্ব নষ্ট করে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমাদের এখনই পরিবর্তনের পথে হাঁটতে হবে।”
যুব সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন উষার আলো যুব সংঘের ইয়াসিন আরাফাত, কায়ো র কয়েস ও কসমিকের অর্ক। তারা বলেন, “আমরা তরুণ প্রজন্ম যদি এখনই প্লাস্টিক ব্যবহার বন্ধে এগিয়ে না আসি, তবে ভবিষ্যৎ পরিবেশ আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। আমাদের ছোট উদ্যোগই বড় পরিবর্তন আনতে পারে।”
প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের পরিবেশকে ধ্বংস করছে। এ থেকে মুক্তির একমাত্র উপায় হলো বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করা। আমাদের সবাইকে সচেতন হয়ে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে।” বক্তব্য শেষে তিনি ১০০টি সচেতনতামূলক লিফলেট যুব সদস্যদের প্রদান করেন, যা তারা স্থানীয় দোকানগুলোতে বিতরণ করেন।
একশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর নাহিদা আক্তার তৃষা সমাপনী বক্তব্যে বলেন, “তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই যুবরা পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখুক।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন