চট্টলার কণ্ঠ ডেস্কঃ প্রতি বছর স্বেচ্ছাসেবী রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৬ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে নগরীর আমবাগানস্থ শহীদ ওয়াসিম পার্কে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম আয়োজিত এক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, “রক্ত শরীরের এমন একটি উপাদান যা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এবং এর আয়ুষ্কাল মাত্র ১২০ দিন। নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে এবং মানুষের জীবন রক্ষার জন্য তা অপরিহার্য। পাশাপাশি রক্তদানের মাধ্যমে বিনামূল্যে এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিসসহ বিভিন্ন রোগ নির্ণয়ের সুযোগ পাওয়া যায়, যা সাধারণত ব্যয়বহুল।”
তিনি আরও বলেন, “প্রতি চার মাস অন্তর রক্তদান করা সম্ভব, যা একদিকে শরীরের জন্য উপকারী এবং অন্যদিকে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। সমাজের প্রত্যেককে এই মহৎ কাজে অংশ নিতে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাসেম বক্কর এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ।
জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী বলেন, “স্বেচ্ছাসেবী রক্তদান মানবতার প্রতি দায়বদ্ধতার উদাহরণ।”
এছাড়া ওয়ার্ল্ড হিউম্যান কালচারের সভাপতি প্রকৃতজ শামিমরুমি টিটন এবং বাংলাদেশের গ্রীনলিফ কালচার ফোরামের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম হাসান হৃদয় রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলান্টারি ব্লাড ফোরামের পরিচালক বিবি ফাতেমা। তিনি বলেন, “রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, যাতে কেউ রক্তের অভাবে মারা না যায়।”
এই আয়োজনের মাধ্যমে রক্তদানের সামাজিক ও মানবিক গুরুত্বকে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে রক্তদানের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির আহ্বান জানানো হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন