চট্টলার কণ্ঠ ডেস্কঃ চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) রাত নয়টার দিকে লাভ লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, সাবেক চসিক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে রাত নয়টার দিকে লাভ লেইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সোয়া নয়টার দিকে নগরের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, তথ্য গোপন করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু (৬৪) ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৩ সালের ২২ অক্টোবর দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলাটি করেন উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন।
অভিযুক্ত সলিম উল্লাহ বাচ্চু ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর। একই মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকেও (৫২) আসামি করা হয়েছে।
দুদক চট্টগ্রামের উপপরিচালক নাজমুস সাদাত সেই সময় জানিয়েছেন, অবৈধভাবে অর্জন করা সম্পদের অভিযোগ প্রমাণ পাওয়ায় কাউন্সিলর বাচ্চু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি পর্যালোচনা করা জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন কাউন্সিলরের স্ত্রী আয়েশা সিদ্দিকা। বিবরণীতে তিনি এক কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য দেন। বলেন, স্বামী তার ব্যবসা ও মৎস্য চাষ দেখাশোনা করেন।ওই বিবরণীর পর যাচাই-বাছাইয়ে দুদক মৎস্য চাষের কোনো অস্তিত্ব পায়নি। দুদক মোট ৯৪ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকার অবৈধ সম্পদের খোঁজ পায়। অর্থাৎ কাউন্সিলর বাচ্চু অসাধু উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করেছেন বলে প্রমাণ পায় দুদক। সে কারণেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন