সুজন ভট্টাচার্য্য, বিশেষ প্রতিনিধিঃদুর্গম পাহাড়ি জনপদের চরম প্রতিকূলতা ও যোগাযোগ বিচ্ছিন্নতাকে জয় করে এক প্রসূতি মা ও তাঁর নবজাতকের জীবন বাঁচানোর এক মানবিক ঘটনা ঘটেছে। রাতের আঁধারে প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ সাংগু নদীপথ পাড়ি দিয়ে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার সর্বাত্মক সহযোগিতায় শেষ পর্যন্ত নিরাপদে সন্তান প্রসব করেছেন ৩২ বছর বয়সী এক নারী। এ ঘটনায় বড় মদক এলাকায় দীর্ঘদিনের মাতৃস্বাস্থ্যসেবার সংকটে এক নতুন আশার আলো দেখা দিয়েছে।
ঘটনাটি বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় মদক প্রুসাঅং কারবারী পাড়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পাড়ার বাসিন্দা য়ইসিংনু মারমার সাথে প্রায় ১২ বছর আগে বিয়ে হয় উশৈথোয়াই মারমার। এর আগে তিনি চারবার মা হওয়ার সৌভাগ্য অর্জন করলেও দুর্ভাগ্যজনকভাবে সব সন্তানকেই হারিয়েছেন। তাঁদের মধ্যে তিনটি সন্তান মায়ের কোলেই মারা যায় এবং অন্য সন্তানটি পাঁচ থেকে ছয় বছর বয়সে মারা যায়।
গত সোমবার পঞ্চমবারের মতো সন্তানসম্ভবা য়ইসিংনু মারমা নিজ বাড়িতে তীব্র প্রসবব্যথায় ছটফট করছিলেন। ঠিক সেই মুহূর্তে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল—যা আন্তর্জাতিক সংস্থা JSI Research & Training Institute, Inc. (JSI)-এর কারিগরি সহযোগিতায় এবং U.S. Department of State (DOS)-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় বড় মদক এলাকায় নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল—সেখানে পৌঁছায় সংস্থার কর্মকর্তা ও দুজন ধাত্রী (মিডওয়াইফ)। সন্ধ্যায় প্রসূতি মাকে দেখতে গিয়ে তাঁরা বুঝতে পারেন, শিশুটি স্বাভাবিক অবস্থানে নেই এবং প্রসবকালীন মারাত্মক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় রাতের বেলায় সড়ক যোগাযোগ না থাকায় শুরু হয় চরম অনিশ্চয়তা। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে কোনো আলো ছাড়াই সাংগু নদীপথে ইঞ্জিনচালিত নৌকাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে প্রায় ৭০ কিলোমিটার দূরের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে নিয়ে যাওয়া হয়। রাত ১টার দিকে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান উন্নত চিকিৎসার জন্য তাঁকে বান্দরবান জেলা সদরের ইমানুয়েল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এরপর আবারও নদীপথ ও সড়কপথ পাড়ি দিয়ে ভোর ৪টার দিকে বান্দরবান জেলা সদরে পৌঁছান প্রসূতি মা। সেখানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যার মাধ্যমে তিনি সুস্থভাবে সন্তান প্রসব করেন। দীর্ঘ পথের ঝুঁকি ও নানা প্রতিকূলতা পেরিয়ে মা ও নবজাতককে নিরাপদে হাসপাতালে পৌঁছানো এবং সন্তান প্রসবের ব্যবস্থা করায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, প্রসূতি মাকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া, ইঞ্জিনচালিত নৌকা, অ্যাম্বুলেন্স এবং হাসপাতাল সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল।
গ্রিন হিল ‘মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স’ প্রকল্পের পরিচালক সাইলুমং মারমা জানান, বড় মদক এলাকায় নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১৯ নভেম্বর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দুর্গম এই জনপদের গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রিন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান বলেন, “কিছুদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল যে বড় মদক অঞ্চলে চিকিৎসাবঞ্চিত হয়ে অনেক প্রসূতি মা মারা যান। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালু হলে সন্তান প্রসবের সময় জরুরি চিকিৎসার জন্য দুর্গম পাহাড়ি পথ ও নদীপথ পাড়ি দিয়ে দূরের হাসপাতালে যাওয়ার দুর্ভোগ অনেকটাই কমবে। বিশেষ করে প্রসূতি মা ও নবজাতকের জীবন রক্ষায় কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, হতদরিদ্র কোনো প্রসূতি মায়ের চিকিৎসায় জটিলতা দেখা দিলে তাঁকে অন্যত্র স্থানান্তরের যাবতীয় পরিবহন খরচ গ্রিন হিলের পক্ষ থেকেই প্রদান করা হবে।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন