সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে বিএনপি। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর প্রয়াসে দলটির পক্ষ থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও জরুরি ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বলীপাড়া বাজার শেডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তুলে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর রাজপুত্র সাচিংপ্রু জেরীর পাঠানো এ অর্থ ও সামগ্রী থানচি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভুক্তভোগীদের হাতে পৌঁছে দেন। এতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে বিএনপি নেতারা বলেন, আকস্মিক এ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভুক্তভোগীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানবিক দায়িত্ব। ভুক্তভোগী পরিবারগুলোর মনোবল চাঙ্গা রাখতে সরকারি-বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একইসঙ্গে পার্বত্য এই দুর্গম অঞ্চলের প্রতিটি সংকট ও দুর্যোগে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রাই মারমা, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, সাবেক সহসভাপতি ক্যসাউ মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস, রেমাক্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মংএনু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, থানচি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান, তিন্দু ইউনিয়ন বিএনপির সভাপতি শৈবাথোয়াই মারমা এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা। এ ছাড়া স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে চরম বিপদের দিনে বিএনপির এই নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলীপাড়া বাজারের ভুক্তভোগী পরিবারগুলো। পাশাপাশি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে পুনরায় ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি ব্যাংকঋণ ও সরকারি পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন তারা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন