সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবানের ফুটবল অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হলো। জেলার বর্তমান ও প্রাক্তন ফুটবল বাঁশিওয়ালাদের এক ছাতার নিচে এনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বান্দরবান ফুটবল রেফারি কল্যাণ সমিতি’। মূলত রেফারিদের পারস্পরিক ভ্রাতৃত্ব, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সার্বিক কল্যাণ ও পারস্পরিক সহায়তার লক্ষ্য নিয়েই এই সংগঠনের আত্মপ্রকাশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলাজুড়ে কর্মরত ও সাবেক ফুটবল রেফারিদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত ও মতামতের ভিত্তিতে নতুন এই সংগঠনের পরিচালনা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব লাভ করেছেন প্রাক্তন ফুটবল রেফারি দিলীপ কুমার দে। এছাড়া সর্বসম্মতিক্রমে নুহাই থুই মারমা সভাপতি, শিমুল দাশ সাধারণ সম্পাদক এবং অংম্যা মারমা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
‘ঐক্য, শৃঙ্খলা, দক্ষতা ও কল্যাণ’—এই চার মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত এ সমিতি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সংগঠনটি পার্বত্য জেলা বান্দরবানের ফুটবল অঙ্গনে রেফারিদের অধিকার রক্ষা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক খেলার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।
বান্দরবান ফুটবল রেফারি কল্যাণ সমিতির উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে জেলার ক্রীড়ামোদীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন