হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরে বক্তারা বক্তব্য দেন। তাঁরা বলেন, পার্বত্য এলাকায় মৎস্য চাষের সম্ভাবনা কাজে লাগাতে হলে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারি সহায়তার সমন্বয় প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, রোয়াংছড়ি উপজেলা বিএনপি ও এমপি প্রতিনিধি হাইনুমং মারমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে তিনজন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন