ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ হামজার টিলা এলাকায় মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ার (৭৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তাকে তার নিজ বাসার সিঁড়ির নিচের অংশে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে খালেদ জানান, তাঁর পিতা জহুরুল আনোয়ার সম্প্রতি তার এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক চাপে ভুগছিলেন। এছাড়া তাঁর অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মুক্তিযোদ্ধা এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পাশাপাশি জমি-জমা সংক্রান্ত দেওয়ানি মামলায় জড়িত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে রশি টাঙিয়ে নিচতলায় ঝুলে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন