চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের পর ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজের নিচ এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. কাদের (১৯) এবং নাহিদুল ইসলাম নাহিদ (২২)।
পুলিশ জানায়, বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গুনাগড়ি সিএনজি স্টেশন থেকে চালক সাইফুদ্দিন (১৮) দুই যাত্রীকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মালঘর বাজারে পৌঁছে দেওয়ার জন্য ভাড়া নেন। পথে কালাবিবির দিঘীর মোড়ে যাত্রীরা চা-নাস্তা করেন এবং চালককেও আপ্যায়ন করেন বলে জানা গেছে। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আরও দুইজন যাত্রী সিএনজিতে ওঠেন।
এরপর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর–বারখাইন সড়কের মাথায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালককে জোরপূর্বক নামিয়ে দেয় এবং লোহার পাইপ দিয়ে মারধর করে আহত করে। পরে তারা চালকের কাছ থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা, প্রায় ৩৩ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী চালকের অভিযোগের ভিত্তিতে সিএনজির মালিক মামলা দায়ের করেন এবং আনোয়ারা থানায় এজাহার রুজু করা হয়।
এরপর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজের নিচ এলাকা থেকে মো. কাদের ও নাহিদুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইকৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন