ফটিকছড়ি চৌকি আদালতে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা জজ- মোঃ হেমায়েত উদ্দিন।
চট্টলার কণ্ঠ ডেস্ক: “দ্বন্দে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন ছিন্তা নেই”। দেশের বিদ্যমান আদালত সমূহ মামলার ভারে ভারাক্রান্ত। ফলশ্রুতিতে বিচারপ্রার্থী জনগণের প্রত্যাশিত বিচার কার্যক্রমে অনিচ্ছাকৃত বিলম্ব হচ্ছে। যা আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্তরায়। বিচারপ্রার্থী জনগণের আইনের শাসন, ন্যায় বিচার এবং আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার আইনগত সহায়তা প্রদান আইন প্রনয়ণ করেন।
প্রতিষ্ঠা করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা তথা লিগ্যাল এইড কার্যক্রম। লিগ্যাল এইড এখন শুধু আইনি সহায়তা সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বিরোধ মিমাংসার অন্যতম কেন্দ্রস্থল। লিগ্যাল এইড এডিআর এর মাধ্যমে স্বল্প সময়ে প্রতিকার পাচ্ছেন অসহায় বিচারপ্রার্থী জনগণ। আদালতের বিদ্যমান মামলাজট হ্রাসকল্পে লিগ্যাল এইড অফিসের মধ্যস্ততা কার্যক্রম কার্যকরী ভূমিকা পালন করছে। সরকার আদালতের বিদ্যমান মামলাজট হ্রাসকল্পে কাজ করছে।
তৎপ্রেক্ষিতে লিগ্যাল এইড অফিসকে বিরোধ মিমাংসার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। লিগ্যাল এইড আপসে বাধ্যবাধকতা রেখে দেওয়ানী ও ফৌজদারী আইন এবং আইনগত সহায়তা প্রদান আইন এর দ্রুত সংশোধনী অধ্যাদেশ আনয়ন করা হচ্ছে। আইনে উল্লেখযোগ্য নির্দিষ্ট তপশীলের আপসযোগ্য মামলাগুলোর জন্য এখন আর সরাসরি মামলা করা যাবে না, লিগ্যাল এইড এডিআর করতে হবে। এডিআর ব্যর্থতায় লিগ্যাল এইড প্রত্যয়নপত্র সহকারে মামলা করা যাবে। ফলে আদালতের উপর মামলার চাপ কমবে। বিচারপ্রার্থীর দ্রুততার সহিত আইনি অধিকার প্রতিষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমকে অধিকতর ফলপ্রসু ও সেবাবান্ধব করার প্রয়াসে বিজ্ঞ বিচারক, আইনজীবী এবং সুশীল সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে। মামলা নয় বরং মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে তিনি বিশ্বাসী।
আজ বুধবার ২২ অক্টোবর বিকাল ৩.০০ ঘটিকায় ফটিকছড়ি চৌকি আদালত আইনজীবী সমিতি অডিটরিয়ামে আয়োজিত আদালতে মামলাজট হ্রাসকল্পে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের সম্প্রসারণ; প্রেক্ষিত লিগ্যাল এইড অফিস” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হেমায়েত উদ্দিন। কর্মশালায় সরকারি আইন সহায়তা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীফ লিগ্যাল এইড অফিসার(বিচারক) জনাব রুপন কুমার দাশ।
ফটিকছড়ি চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ জনাব শুভদীপ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক(জেলা ও দায়রা জজ) জনাব ফয়সাল আতিক বিন কাদের, অতিরিক্ত জেলা জজ জনাব সাউদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুল হালিম, সিনিয়র সহকারী জজ আরফাতুল রাকিব, ফটিকছড়ি আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ লিয়াকত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক এড. মোঃ জহুরুল ইসলাম, ব্লাস্ট এর সহকারী কোর্ডিনেটর এড. আল-হুরাইন তাজ মিহির, উক্ত কর্মশালায় চৌকি আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি, চৌকি আদালত কর্মকর্তা কর্মচারী এবং বিচারপ্রার্থীরা অংশগ্রহণ করেন। সভাশেষে অতিথিবৃন্দ চৌকি আদালতে একটি লিগ্যাল এইড কর্ণার এর শুভ উদ্ভোধন করেন। এছাড়াও জেলা জজ মহোদয় চৌকি আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন