বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রত্যেকের মধ্যেই রয়েছে নিজস্ব প্রতিভা ও সম্ভাবনা। কোনো একটি ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অন্য ক্ষেত্রে তাদের অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করতে হবে। যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে এসব শিশুও নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তাদের পরিবার কিংবা সমাজের বোঝা হিসেবে নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ সোমবার
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতায় এসব কথা বলেন।
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোন শিশু কোন খেলায় পারদর্শী, তা চিহ্নিত করা সম্ভব। তাদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জনের সুযোগ তৈরি হতে পারে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘আমরা জানি, যেসব পরিবারে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তাদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে হয়। কিন্তু মনে রাখতে হবে, একটি ক্ষেত্রে কোনো শিশুর সীমাবদ্ধতা থাকলেও অন্য অনেক ক্ষেত্রে তার অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।’
বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা মেধা ও সৃজনশীলতার বিকাশে চূড়ান্ত বাধা নয়। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও স্টিফেন হকিং বিজ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর লেখা ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বিশ্বজুড়ে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘আমাদের কোনো সন্তানকেই অবহেলা করার সুযোগ নেই। আমরা যদি তার প্রকৃত প্রতিভার জায়গাটি খুঁজে বের করতে পারি এবং সেই প্রতিভা বিকাশে কাজ করি, তাহলে প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুই নিজ নিজ ক্ষেত্রে জ্বলে উঠতে পারে।’
শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু দৈনন্দিন চাহিদা পূরণ করলেই দায়িত্ব শেষ হয় না। শিশুরা কোন বিষয়ে আগ্রহী, কোন কাজে দক্ষ এবং কোন ক্ষেত্রে ভালো করতে পারে, তা খুঁজে বের করতে হবে। অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে তাদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সবাইকে চিকিৎসক, প্রকৌশলী কিংবা ম্যাজিস্ট্রেট হতে হবে, এমন নয়। প্রত্যেকে নিজের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করলে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারে। খেলাধুলার মাধ্যমেও বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বাড়ানো সম্ভব।’
জেলা প্রশাসক আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা কেবল বিনোদনের আয়োজন নয়। এর মাধ্যমে তাদের দক্ষতা, আগ্রহ ও সম্ভাবনা চিহ্নিত করার সুযোগ তৈরি হয়। সেই সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা চাই না, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পরিবার কিংবা সমাজের বোঝা হয়ে থাকুক। আমরা চাই, তারা নিজেদের মেধা ও যোগ্যতায় সমাজের সম্পদে পরিণত হোক। তারা নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।’
প্রতিটি শিশুর সমান গুরুত্বের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের প্রতিটি সন্তান সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি। তাদের নিয়েই দেশকে গড়তে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিল।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন