জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহ শেষ হলেও কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এই দাবিতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ উপলক্ষে আয়োজিত প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
দেশব্যাপী চলমান এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন ও প্রাণ। নৌকা বাইচের আগের সমাবেশে বক্তারা বলেন, সম্মেলনের প্রথম দিন খাদ্য, কৃষি ও স্বাস্থ্য দিবস নির্ধারিত হলেও কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের কোনো প্রতিশ্রুতি আসেনি।
বক্তারা আরও উল্লেখ করেন, বৈশ্বিক অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হলেও এ খাতে তহবিলে মাত্র ২০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।
সমাবেশ থেকে কপ৩১-এর ২০ নভেম্বরের চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট অঙ্ক নির্ধারণের দাবি জানানো হয়। সেই সঙ্গে কৃষি ও খাদ্যব্যবস্থার অভিযোজন চাহিদার অনুপাতে অর্থ বরাদ্দ এবং তা ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন ও সমবায়ের হাতে রাখার দাবি জানিয়ে বক্তারা বলেন, সৌর সেচব্যবস্থা ও সৌরচালিত হিমাগারের মতো উদ্যোগ বাস্তবায়নে সবুজ জলবায়ু তহবিলে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।
আইএসডিইর কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরও সংহতি জানান ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস ও মোহাম্মদ জানে আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আগামী ২০ নভেম্বর কপ৩১ সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন