জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার ১৪ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে Global Climate Strike 2026। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জলবায়ু সম্মেলন COP31-কে সামনে রেখে বিশ্বনেতাদের কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বানে এ কর্মসূচী পালিত হয়েছে।
তৃণমূল পর্যায়ে তরুণদের জলবায়ুবিষয়ক সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ এবং জলবায়ু ন্যায্যতার দাবি বিশ্বপরিসরে তুলে ধরার লক্ষ্যে Activista Chattogram-এর উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও Global Platform Bangladesh-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
শনিবার ১৪ নভেম্বর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান থেকে শুরু হওয়া এই র্যালিতে চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠন ও Activista Chattogram-এর ২০০-এর অধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। র্যালিটি প্রেস ক্লাব থেকে ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জামালখানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অর্থায়নের দাবিগুলো তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইয়ুথ হাবের সভাপতি মৌসুমি আক্তার, সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীন, সহসভাপতি মোহাম্মদ পারভেজসহ Activista Chattogram-এর বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও তরুণ জলবায়ু অধিকারকর্মীরা।
কর্মসূচির মূল দাবিগুলোর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা; জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির বাস্তবায়ন ত্বরান্বিত করা; এবং জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় ও দায়িত্ব নিশ্চিত করা।
আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী জনগোষ্ঠীই এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। তাই জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন ন্যায়ভিত্তিক অর্থায়ন, কার্যকর নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তবসম্মত উদ্যোগ। COP31-কে সামনে রেখে বিশ্বনেতাদের প্রতি আহ্বান, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও জনগোষ্ঠীর বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তরুণদের সম্মিলিত কণ্ঠে আয়োজিত এই Global Climate Strike 2026 প্রমাণ করে, জলবায়ু ন্যায্যতার আন্দোলনে তরুণরা কেবল ভবিষ্যতের অংশীজন নয়, বরং বর্তমান পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন