চট্টলার কণ্ঠ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে আন্দোলনকারী মো. মেহেদী (২৫) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামসুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ ২১৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার ২০ আগস্ট দুপুরে নিহত মেহেদীর স্ত্রী মোছা. জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাট আদালতে এ মামলাটি করেন। জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।
বিষয়টি বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও জয়পুরহাটের দুইজন সাবেক সংসদ সদস্যসহ মোট ২১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মো. মেহেদি নিহত হন। তিনি জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট শেখপাড়ার আলতাফ শেখের ছেলে। ঘটনার ১৬ দিনের মাথায় মঙ্গলবার নিহত মেহেদীর স্ত্রী মোছা. জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে আদালতে ২১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে গত ১৮ ও ২০ আগস্ট দুইদিনে দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৮ আগস্টের মামলায় ১২৮ জনকে আসামি করা হয়েছিল।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন