চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার রায়ের জন্য বুধবার (১৭ জুন) দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালত মামলার যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মাহমুদ উল-আলম চৌধুরী মারুফ কালের কণ্ঠকে বলেন, ‘বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার যুক্তিতর্ক মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আগামীকাল মামলাটির অষ্টম কার্যদিবস পূর্ণ হবে। এই আট কার্যদিবসের মধ্যেই মামলার রায় হবে।
মামলায় মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি।’
মঙ্গলবার আসামি মনির হোসেন (৩০) ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখান নগরের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, গত ৯ জুন এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর আগে ৪ জুন মনির হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় আসামি মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।
গত ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর পুলিশ মনিরকে আটক করে। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিন গভীর রাতে মনির হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মনির হোসেন ২২ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ৪ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন