রান্নাঘরে ইঁদুর ও বিড়ালের বিষ্ঠা মিশ্রিত বাসমতি চাল দিয়ে খাবার প্রস্তুত এবং ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার করে খাদ্য পরিবেশনের অভিযোগে নগরের নাসিরাবাদ এলাকায় ‘সেভেন ডেজ’ রেস্টুরেন্ট ও ‘হালাল শেফ’সহ পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এসব প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ তথ্য জানা যায়।
তথ্যটি নিশ্চিত করে সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, অভিযানে নগরের ২ নম্বর গেট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় অবস্থিত ‘হালাল শেফ’ (মিনা বাজারের পাশে) প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, ডাল, চটপটির ডাল, ভাত ও ফ্রাইড রাইস একসঙ্গে সংরক্ষণ এবং খাবার তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল রং মেশানো মরিচ ব্যবহারের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। একই এলাকায় ফয়সাল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১ হাজার ৫০০ টাকা এবং হীরা ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নাসিরাবাদ হাউজিং এলাকায় অবস্থিত ‘সেভেন ডেজে’ রেস্টুরেন্টের রান্নাঘরে অভিযান চালিয়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকির চিত্র উঠে আসে। সেখানে অননুমোদিত কেমিক্যাল রং ব্যবহার, বাসমতি চালের ওপর বিড়াল চলাচল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চপিং বোর্ড ব্যবহার এবং বিড়াল ও ইঁদুরের বিষ্ঠা মিশ্রিত বাসমতি চাল দিয়ে খাবার রান্নার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শাহ আমীন সুপার শপে অননুমোদিত ও মূল্যবিহীন পণ্য বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন