আফজাল হোসেন জয়: (লামা) বান্দরবান প্রতিনিধি। বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক সহ ৫ বছরের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারী) রাত ২টায় লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিলেরতুয়া চংবট মুরুং পাড়ায় অবস্থিত আসামী কাইংপা মুরুং (৪৯) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে মৃত রাংলাই মুরুং এর ছেলে কাইংপা মুরুং (৪৯) কে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং এর বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-৩, তারিখ ১৫/১০/২০০২ ইং,জিআর নং-১৩৮/২০০২, ধারা-১৯(ক), অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ ১৫/১০/২০০২ ইং, জিআর নং-১৩৯/২০০২, ধারা-৪(১), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ অনুযায়ী ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ (ছয়) মাস সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলতবি ছিল।
এই ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন