আফজাল হোসেন জয়: লামা(বান্দরবান) প্রতিনিধি: লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুল ছাত্রী অর্পা শীল (১৪) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতি বার (২ জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পানিতে ডুবে মৃত অর্পা পৌরসভা এলাকার মিশন ঘাট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে। অর্পা বিলছড়ি হেব্রন মিশন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত সোম বার (৩০ ডিসেম্বর) অর্পা শীল সহ চার বান্ধবী মাতামুহুরী নদীর মিশন ঘাট এলাকায় (চতরমাল্লা কুমে) গোসল করতে যায়। এ সময় তিন জন গোসল শেষে ওপরে উঠলেও অর্পা ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ, আত্মীয় স্বজন এবং স্থানীয়রা যৌথ ভাবে উদ্ধার অভিযানে নামলেও নিখোঁজ স্কুল ছাত্রী অর্পাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সূত্রে জানা যায়, আজ বৃহস্পতি বার সকাল ৭টার দিকে মাতামুহুরী নদীর মিশন ঘাট এলাকায় নিখোঁজ অর্পা শীলের মরদেহ ভেসে ওঠে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে স্থানীয় জনসাধারণ সহ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন