রাত পোহালেই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে দেশজুড়ে ঈদ উদযাপনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। চট্টগ্রাম নগরীতেও ঈদকে ঘিরে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদুল আযাহাকে ঘিরে চট্টগ্রাম নগরীর প্রধান ঈদগাহ জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত আয়োজনকে ঘিরে মাঠ প্রস্তুতকরণ, কার্পেটিং, মাইকিং, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, জমিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল ৭টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য প্রায় ৬৫ হাজার স্কয়ার ফিট এলাকায় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। বর্ষার মৌসুম বিবেচনায় পুরো এলাকায় ত্রিপল টানানো হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান, মাইক ও আলোকসজ্জার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রস্তুতি পরিদর্শনে এসে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “জমিয়াতুল ফালাহ মাঠে ২০ থেকে ২৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া প্রতিকূল হলে মসজিদের ভেতরে জামাত আয়োজনের বিকল্প প্রস্তুতিও রয়েছে।”
ঈদ জামাতকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মুসল্লিদের যাতায়াত সহজ করতে ৩টি বড় ও ২টি ছোট ফটকের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।
প্রধান জামাত ছাড়াও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে মহানগরে ৯৬টি এবং বিভিন্ন উপজেলায় ২৬৬টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
ঈদের দিন সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খুতবায় কোরবানির তাৎপর্য এবং ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরা হবে। এরপর সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি।
আপনার মতামত দিন