চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে র্যাব সদস্য হত্যা মামলায় আবুল কাশেম প্রকাশ ‘নলা কাশেম’ (৪৩) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কাশেম (৪৩), যিনি এলাকায় ‘নলা কাশেম’ নামে পরিচিত।
তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬টি গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি মহিনুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কাশেম পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হবে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন