চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও জালসহ ১ জন আটক।
আজ সোমবার ২২ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লে: বিএন শাকিব মেহবুব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সরকার বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ৯ টি ট্রলিং জালসহ ১ জন জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত জাল বাঁশখালী উপজেলা মৎস্য অফিস এবং আটককৃত জেলেকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন