চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ জুলাই ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-এর পরিচালনার দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল টার্মিনালটির কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে কনটেইনার হ্যান্ডলিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।
সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর (০৭ জুলাই হতে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত) ১৭.৩৩ দিনে দৈনিক গড় হ্যান্ডলিং হয়েছে ৩,২৫০ টিইইউএস (বিশ ফুট সমতুল্য ইউনিট), যা পূর্বের (১৯ জুন হতে ০৬ জুলাই) গড় ২৮৪৫ টিইইউএস-এর তুলনায় ৪০৫ টিইইউএস বা ১২.১০ শতাংশ বেশি। এই সময়ে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড মোট ৩০টি জাহাজের কনটেইনার লোডিং ও আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর জেটিতে একযোগে ৪টি জাহাজে পণ্য ওঠানামার কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা বন্দরের সার্বিক কর্মকান্ডে গতি এনেছে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।
উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম সমুদ্রবন্দর বন্দরের সামগ্রিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন