চট্টলার কন্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে আজ বুধবার ২৫ সেপ্টেম্বর বিকালে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় বিক্রয় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
অভিযানে মোঃ শাহাদত হোসেন ও আব্দুল কাদের নামের দুইজনকে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে জানান, ভবিষ্যতে আর বিক্রয় নিষিদ্ধ পলিথিনের ব্যবসার সাথে জড়িত হবেন না। আসামীদের অপরাধ আমলে গ্রহন করে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা দাশ মোবাইল কোর্টে দুটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সত্যতা থাকায় এবং আসামীর অপরাধ উদঘাটিত হওয়ায় তাদেরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার অপরাধে একই আইনের ১৫(১) ধারায় মোঃ শাহাদত হোসেনকে ৫,০০০/- টাকা ও আব্দুল কাদেরকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে, দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া মোবাইল কোর্ট চলাকালীন পাহাড়তলী বাজারে দ্রব্যমূল্য তদারকি করা হয়। এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল তালিকা সংরক্ষণ না করায় আলমগীর নামের এক মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

You must be logged in to post a comment.
আপনার মতামত দিন