চট্টলার কণ্ঠ ডেস্ক:উত্তাল সমুদ্র হতে বিকল ফিশিং বোট ‘মায়ের দোয়া’ এর ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার ২৪ মার্চ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সোমবার ভোর ৪ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামক একটি ফিশিং বোট কক্সবাজার বাতিঘর হতে আনুমানিক ১৮ কি:মি: দূরে ইঞ্জিন বিকল হয়ে ১২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উক্ত সমুদ্র এলাকায় গমন করে। দীর্ঘ ৮ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে দুপুর ১২ টায় বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।
তিনি আরও বলেন, বোটটি গত ১৮ মার্চ চট্টগ্রামের বাঁশখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে এবং গত ১৯ মার্চ ২০২৫ তারিখ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। অতপর জেলেরা সোনাদিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়।
উদ্ধারকৃত সকলেই চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন