চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রায় ২ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ও ৭২০ কেজি সয়াবিন দানাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড
গতকাল মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর CUFL ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট মঙ্গলবার রাত ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী নদীর CUFL ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ও ৭২০ কেজি সয়াবিন দানাসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন