নতুন শিক্ষাবর্ষে সন্তানকে স্কুলে ভর্তি করাতে প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকরা। এরই মধ্যে বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নিয়ম ও সময়সূচি জানিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা বলা হয়েছে।
এছাড়া অনলাইনে আবেদনের সময়সীমা, আবেদন ফি, বিদ্যালয় পছন্দের সুযোগ, কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে সন্তানকে স্কুলে ভর্তি করানোর আগে এসব নিয়ম জানা জরুরি অভিভাবকদের।
গত ১৯ নভেম্বর মাউশি থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে ঢাকা মহানগরীসহ সারাদেশের সব বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নিয়ম জানানো হয়েছে।
আবেদন শুরু ১ ডিসেম্বর, চলবে ১০ ডিসেম্বর
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী অভিভাবকদের সন্তানের জন্য আবেদন করতে হবে।
আবেদন করতে হবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। এ ফি শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।
সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের সুযোগ
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। পছন্দের ক্রমানুসারে বিদ্যালয়গুলো নির্বাচন করতে হবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট থাকলে উভয় শিফট পছন্দ করার ক্ষেত্রে বিশেষ নিয়ম মানতে হবে। একই বিদ্যালয়ের দুটি শিফট পছন্দ করলে তা দুটি বিদ্যালয় পছন্দের সমতুল্য হিসেবে গণ্য হবে।
একই বিদ্যালয় বা একই শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না। ফলে আবেদন করার সময় বিদ্যালয় ও শিফট নির্বাচনে সতর্ক থাকতে হবে অভিভাবকদের।
প্রথম শ্রেণিতে লটারি ১৫ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর (মঙ্গলবার)। ওইদিন সকাল ১১টায় অনলাইনে লটারি আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা
প্রথম শ্রেণির বাইরে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি আলাদা। এসব শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা নিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা আয়োজন করবে।
পরীক্ষা গ্রহণ ও ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে প্রতিষ্ঠানগুলোর ওপর। এক্ষেত্রে আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময় ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
শূন্য আসন জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। বিশেষ করে আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময় স্পষ্টভাবে জানাতে হবে। এতে অভিভাবকরা আসনসংখ্যা ও আবেদনের সুযোগ সম্পর্কে আগেই জানতে পারবেন।
কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিতের নির্দেশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয়সংলগ্ন নির্ধারিত এলাকা) নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাউশি।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০২৭ অনুযায়ী বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভর্তি কার্যক্রম পরিচালনার সময় নীতিমালায় নির্ধারিত এসব বিধান অনুসরণ করতে হবে।
ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ
ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট ভর্তি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে।
মাউশি জানিয়েছে, অনলাইনে আবেদন ফরম পূরণ এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd-এর মাধ্যমিক শাখার বিজ্ঞপ্তি বিভাগ ও www.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন