চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমুদ্রবন্দর, যার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের একটি বৃহৎ অংশ সম্পন্ন হয়।
দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও জাতীয় অর্থনীতিতে এ বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন জলসীমায় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ছিঁচকে চুরি, চোরাচালান ও বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে কোস্ট গার্ড পূর্ব জোন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৯ অক্টোবর সকাল ১১টায় কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ, অবৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় বন্ধ এবং সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা নিশ্চিতকরণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ৪২ টি শিপিং এজেন্ট কোম্পানি, KAFCO, CUFL, PCT, RSGT ও BSAA-সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের ফলে বাংলাদেশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরির ঘটনা ২০২৪ সালের ১০টি থেকে কমে ২০২৫ সালে ৪টি তে দাঁড়িয়েছে এবং ২০২৬ সালেও এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ নৌবাণিজ্য বজায় রাখা এবং এ ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন