ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে জোমাদ্দার মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া বন্দরের সদর রোডে অবস্থিত জোমাদ্দার মেডিকেল হলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক মোঃ হুমায়ুন কবির জমাদ্দার খুচরা ওষুধ বিক্রির (রিটেইলার) লাইসেন্স ব্যবহার করে পাইকারি ওষুধ বিক্রি করে আসছিলেন। অভিযানে দোকানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল ওষুধ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য মজুত অবস্থায় পাওয়ায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি এর ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার জানান, জনস্বার্থে ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন