মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আসিফ (২১) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আসিফ ওই এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আসিফের সাথে একই ইউনিয়নের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও কথা কাটাকাটি চলছিল। ঘটনার রাতেও তাদের মধ্যে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের দাবি, বিবাদের একপর্যায়ে আসিফ নিজের শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার প্রস্তুতি নেন এবং সেই সময় তিনি ওই তরুণীর সাথে ভিডিও কলে যুক্ত ছিলেন। ভিডিও কলেই তিনি আত্মহননের পথ বেছে নেন।
মঙ্গলবার সকালে আসিফের নিথর দেহ উদ্ধারের পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রতিদিনের মতো সকালে ছেলেকে ডাকতে গিয়েছিলাম। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিই। দেখি আমার কলিজার ধন রশিতে ঝুলে আছে। ও আমাকে এভাবে ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন