শিশু ও নারীর প্রতি ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যার ঘটনার বিরুদ্ধে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ও একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় “সুশীল” প্রকল্পের আওতায় আজ রবিবার ২৪ মে সকালে চট্টগ্রামের বাকলিয়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“শিশু হত্যার বিরুদ্ধে আজ কাঁপুক বসুন্ধরা”, “আছিয়া থেকে রামিসা – আর কত শিশুর লাশ?” এবং “ধর্ষক ও হত্যাকারীদের বিচারহীনতার অবসান চাই; শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সিএসও প্রতিনিধি, তরুণ সংগঠক ও নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহাইল উদ দৌজা, সহকারী পরিচালক (কর্মসূচি)। এছাড়া বক্তব্য রাখেন সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী জনাব রিদুয়ানুল হাকীম রিয়াদ, চট্টগ্রাম সিএসও হাবের সভাপতি মোঃ আদনানুর রহমান, সাধারণ সম্পাদক জনাব আলী আশরাফ আজগরী এবং সিএসও হাব কমিটির সদস্যবৃন্দসহ ২৫টি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তাই দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সরকার, প্রশাসন, নাগরিক সমাজ ও তরুণদের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
তারা আরও বলেন, মানবিক মূল্যবোধ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সহিংসতামুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। কর্মসূচি থেকে সকল ধর্ষক ও হত্যাকারীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, এ কর্মসূচি “Supporting the Unity and Sustainability of Civil Society Organizations to Uphold Human Rights, National Unity and Rule of Law in Bangladesh (SUSHIL)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন