স্যাঁতসেঁতে রান্নাঘরে ভাঙা ও নোংরা টাইলস। খাবার রাখা হচ্ছিল নষ্ট ফ্রিজে। ফ্রিজের ভেতরে তেলাপোকার ছুটোছুটি। কর্মীরাও অনুসরণ করছিলেন না যথাযথ স্বাস্থ্যবিধি। চট্টগ্রাম নগরের মুরাদপুরে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে গিয়ে এমন চিত্র দেখতে পান নিরাপদ খাদ্য কর্মকর্তারা। এসব অপরাধে তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, বারকোড সুইটস পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানের ফ্লোর স্যাঁতসেঁতে ও নোংরা, খাবার সংরক্ষণের ফ্রিজ নষ্ট এবং তাতে তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব। পাশাপাশি খাদ্য প্রস্তুত ও সংরক্ষণস্থলে বিড়ালের উপস্থিতি পাওয়া গেছে। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অপরাধে তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে পাঁচলাইশ এলাকার ‘মিঠাই’ শীর্ষক আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয় হতে দেখা যায়। পাশাপাশি খাদ্যদ্রব্যে অসম্পূর্ণ লেবেলিংসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন