ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় একটি ভাড়াটিয়া ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে চিনিগুড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু ও ডিটারজেন্ট পাউডার।
এ ছাড়া শিশুদের ড্রিংকস ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ফ্লেভার, অননুমোদিত রং, উৎপাদন মেশিন, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
অভিযানকালে কারখানার মালিক আল আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া হয়। শুনানি শেষে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
জব্দ করা পণ্য পরে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অভিযানে ভাণ্ডারিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভোগ্যপণ্য ও শিশু খাদ্য তৈরির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্য ও সরঞ্জাম জব্দ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন