বান্দরবান প্রতিনিধি: বেতন-ভাতা আদায়ের দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সদর হাসপাতালের কর্মচারীরা। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সেবক-সেবিকাদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, আজকের মধ্যে তাদের বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর করা না হলে আগামীকাল মঙ্গলবার থেকে সদর হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানান, সকালে অন্যান্য দিনের মতোই তারা দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় হাসপাতালের কর্মচারী সুভাষ দাসের নেতৃত্বে একদল কর্মচারী গিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই নারী-পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের কক্ষে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। কয়েকজন নারী কর্মচারী দরজা খুলে দেওয়ার আকুতি জানালে তাদের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওঠে। এমনকি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার খবর সংগ্রহ করতে গেলে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথেও তারা অসৌজন্যমূলক আচরণ করেন।
আন্দোলনের নেতৃত্বদানকারী সুভাষ দাস বলেন, “গত দুই মাস ধরে আমাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এই বিষয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি। কয়েকদিন পরেই আমাদের প্রধান ধর্মীয় উৎসব পূজা। এই অবস্থায় বেতন-বোনাস না পাওয়ায় আমরা পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি এবং উৎসবের আনন্দ মাটি হতে বসেছে। আজকের মধ্যে আমাদের বেতনের ফাইলে স্বাক্ষর না হলে আগামীকাল থেকে হাসপাতালের সকল সেবা পুরোপুরি বন্ধ রাখা হবে।”
এ বিষয়ে বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথ বলেন, “নতুন সিভিল সার্জনের যোগদান এবং কিছু দাপ্তরিক জটিলতার কারণে কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন