সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ জেলা প্রশাসক (ডিসি) বদলির আদেশ জারির পরপরই বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা গেছে এক নজিরবিহীন ব্যস্ততা। স্বাভাবিক দাপ্তরিক সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত অফিসটির বিভিন্ন শাখায় কর্মকর্তা-কর্মচারীদের টানা কাজ করতে দেখা যায়। বদলির খবরের দিনেই রাত অবধি এমন তড়িঘড়ি কার্যক্রম ঘিরে স্থানীয় জনগণ ও প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বদলির বিষয়টি চাউর হওয়ার পরও ডিসি অফিসের একাধিক শাখায় কর্মকর্তা ও কর্মচারীদের ফাইলপত্র নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। সাধারণ কর্মঘণ্টা শেষ হওয়ার বহু পর পর্যন্ত দপ্তরটির বাতি জ্বলা এবং দাপ্তরিক কাজ চালু থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি, প্রশাসনিক কার্যক্রম দ্রুত গুটিয়ে আনা এবং চলমান দাপ্তরিক কাজগুলোর কারণে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের পরও অফিসে অবস্থান করতে হয়েছে। তবে ঠিক কোন ধরনের জরুরি ফাইল সই বা নিষ্পত্তির কারণে এত রাত পর্যন্ত কাজ চালানো হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসনের দিক থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা মেলেনি।
এদিকে নতুন ডিসির আগমন ও বিদায়ী কর্মকর্তার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া ঘিরে দাপ্তরিক কাজের এই তাড়াহুড়ো স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো বিশেষ কারণ রয়েছে—তা নিয়ে আলোচনা চলছে স্থানীয় সচেতন মহলে।
এ বিষয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কারও মতে, সরকারি জরুরি কাজ শেষ করতে অতিরিক্ত সময় অফিস দেওয়া ইতিবাচক একটি পদক্ষেপ। তবে বদলির আদেশের দিনেই হঠাৎ রাত অবধি কাজ করার পেছনে বিশেষ কোনো প্রেক্ষাপট রয়েছে কি না, প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই তা স্পষ্ট করা উচিত।
বদলি সংবাদের দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে গভীর রাত পর্যন্ত এমন তৎপরতা আপাতত পুরো বান্দরবানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কোন কোন শাখায় রাত জেগে কী কাজ সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন