ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি.পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাহিরা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মধ্য চিংগুরিয়া গ্রামে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঐ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহিরা ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ালেখা করছিল। তার বাবা মো. আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের লাইব্রেরিয়ান হিসেবে চাকরি থেকে অবসরে যান। বর্তমানে তিনি ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা যায়।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী মাহিরার তিন বছর বয়সে মা মারা গেলে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মাহিরা সৎ মায়ের সংসারে বসবাস করত। এলাকাবাসীর অভিযোগ, সৎ মায়ের সংসারে মাহিরা নানা অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার হন। এসব কারণে মাহিরার মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হয় ।
তবে স্কুলছাত্রী মাহিরার সৎ মা সুমাইয়া আক্তার দাবি করেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মাহিরা নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মাহিরাকে ঝুলতে দেখে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, রিয়াজ বেপারী নামে সৌদিপ্রবাসী এক তরুণের সঙ্গে মেয়ে মাহিরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই মাস আগে সে সম্পর্ক ভেঙে যায়। এ কারণে মাহিরা আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। স্কুলছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন