
চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে 'জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক একটি স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), সবুজের যাত্রা এবং সংশপ্তক-এর যৌথ উদ্যোগে ও ‘একশনএইড বাংলাদেশের’ সহযোগিতায় 'আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা' প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় চীফ গেস্ট হিসেবে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব, জোরারগঞ্জ জে. বি. উচ্চ বিদ্যালয় এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ‘জেট নেট-বিডি’র সদস্য সংগঠন হিসাবে -আইএসডিই, সিআরসিডি, ডিডিআরসি, উপকূল সমাজ উন্নায়ন সংস্থা সমূহের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জেটনেট-বিডি দেশব্যাপী নাগরিক সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম যা ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের পক্ষে কাজ করে এবং একশনএইড বাংলাদেশ এর সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।
এই সংলাপটি বন্দরনগরী চট্টগ্রামের স্থানীয় জ্বালানি বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জাতীয় নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। সংলাপে স্থানীয় এলাকার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা, নাগরিক দাবিনামা উপস্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক জনগণকেন্দ্রিক সমাধানের সুযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আলোচকরা উল্লেখ করেন, শহরের সরকারি বেসরকারী ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জাভিত্তিক জ্বালানি এবং জনবাস্তব জ্বালানি পরিকল্পনা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কার্যকর সম্ভাবনা তৈরি করতে পারে।
জেটনেট বিডির এর পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানী বিশেষজ্ঞ মোহাম্মদ আলাউদ্দিন এবং একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন। তিনি বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, জীবাশ্ম জ্বালানির ওপর অতি-নির্ভরশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং জেটনেট-বিভির নাগরিক দাবিনামার বিভিন্ন দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। একইসাথে তিনি চট্টগ্রাম-৬ ও চট্টগ্রাম-১০ আসনের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, প্রসার এবং স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের তাগিদ দেন।
সংসদ সদস্যবৃন্দের বক্তব্যে গেস্ট অব অনার সাঈদ আল নোমান দেশের জ্বালানি খাতকে ইন্টারনেটের মতো একটি সমন্বিত 'গ্লোবাল ভিলেজে' রূপান্তরের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং বলেন, যে অঞ্চলে সূর্যালোক বেশি, সেখান থেকেই সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ সম্ভব। তিনি নিজ সংসদীয় আসনে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। সংসদ সদস্য আবু সুফিয়ান দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে জানান, সরকার ও জাতীয় সংসদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং যেকোনো টেকসই জ্বালানি প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী ইকবাল বাহার সাবেরী, নির্বাহী পরিচালক, সেন্টার ফর করাল চাইল্ড ডেভেলপমেন্ট (CRCD) নির্বাহী পরিচালক কাজী ইকবাল বাহার সাবেরী। সংলাপে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সবুজের যাত্রা’র নির্বাহী পরিচালক সায়রা বেগম। তিনি স্থানীয় বাস্তবতা, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও প্রয়োজনকে জাতীয় নীতিমালার সাথে যুক্ত করার ওপর বিশেষ জোর দেন।
এর পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করেন, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুহাম্মদ মুসা খান, ক্যাব সদস্য সেলিম জাহাংগীর, আইএসডিই প্রতিনিধি রাসেল ও অন্যান্য বক্তারা। বক্তারা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হওয়ার পাশাপাশি সরকারি নীতিগত সহায়তা, কর ও বিনিয়োগ সুবিধা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো জরুরি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর প্রতিনিধি শুভ সাহা চট্টগ্রাম অঞ্চলে বিপিডিবির চলমান কার্যক্রম ও সৌরবিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্প তুলে ধরে জানান, সরকার ঘোষিত নীতি অনুযায়ী সোলার রুফটপ ও নেট মিটারিং বাস্তবায়নে বিপিডিবি সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
জোরারগঞ্জ জে. বি. উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সরকার তাঁদের প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আগ্রহ থাকা সত্ত্বেও চট্টগ্রাম অঞ্চলে প্রয়োজনীয় উপকরণ ও দক্ষ টেকনিশিয়ানের অভাব রয়েছে। তিনি নতুন বিদ্যালয় ভবনে সোলার ব্যবস্থা সংযুক্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি দাবি জানান।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক লিটন চৌধুরী চট্টগ্রাম অঞ্চলকে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে মডেল' হিসেবে জাতীয় সংসদে তুলে ধরার জন্য উপস্থিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান
সম্পাদক ও প্রকাশক : K. Chy