
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তন করে এক শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার অভিযোগে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বোর্ডের কম্পিউটার বিভাগের একজন প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে বর্তমানে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত বুধবার রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার (২১ নভেম্বর) তাদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসে।
গ্রেপ্তার তিনজন হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। তাদের মধ্যে ফরহাদুল ও শহিদুল অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তবে শিক্ষা বোর্ডের দায়ের করা মামলার এজাহারে এই তিনজনের নাম ছিল না। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ফলাফল পরিবর্তনের ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, ১১ বিষয়ে অকৃতকার্য একজন শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা শনাক্তে অনুসন্ধান চলছে।
১১ বিষয়ে নম্বর পরিবর্তনের অভিযোগ
শিক্ষা বোর্ড ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তনের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় গত ২৯ অক্টোবর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন।
মামলায় বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম ও নূর হোসেন ওরফে রায়হান এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে আসামি করা হয়।
এজাহারের তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর অস্বাভাবিকভাবে পরিবর্তনের অভিযোগ রয়েছে। বাংলার প্রথম পত্রে ২৩ থেকে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪ থেকে ৬২ করা হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩-এর পরিবর্তে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর পরিবর্তে ৮২ নম্বর বসানোর অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া গণিতে ৯ থেকে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ থেকে ৬৪, উচ্চতর গণিতে শূন্য থেকে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্য থেকে ৪৫, রসায়নে ১ থেকে ৪৬, জীববিজ্ঞানে ১ থেকে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ থেকে ৬৫ নম্বর করার তথ্য উল্লেখ রয়েছে মামলার এজাহারে।
পুনর্নিরীক্ষণে ধরা পড়ে অসংগতি
ঘটনার সূত্রপাত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময়। খাতায় পাওয়া নম্বরের সঙ্গে প্রকাশিত ফলাফলের অসামঞ্জস্য নজরে আসার পর বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে শিক্ষা বোর্ড। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়।
পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর বোর্ড কর্তৃপক্ষ পাঁচলাইশ থানায় মামলা করে। সেই মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি নতুন করে আরও তিন কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পায় বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়ার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি শিক্ষার্থীর ফলাফলে এতগুলো বিষয়ে নম্বর পরিবর্তনের অভিযোগ কীভাবে বাস্তবায়িত হলো, কারা এর সঙ্গে যুক্ত এবং এর পেছনে আরও কোনো চক্র রয়েছে কি না—এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার সন্ধ্যায় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে মন্তব্য করা সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy