
চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে হালিশহর থানার উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে কিছু মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালালে মো. সালমান (৫০) নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, সালমানের দেখানো মতে তাঁর বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত সালমানকে উদ্ধার করা মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy