
ফাতেমা বাকলিয়া থানা এলাকায় তার পরিবারের সাথে বসবাস করতো। তারা দুই বোন, ফাতেমা বড়। গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার পারিবারিক বিষয় নিয়ে মা বাবার কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে ফাতেমা তার বাবাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য বাবার পেছু নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে।
ঘর থেকে বের হয়ে সে বাবাকে দেখতে না পেয়ে খোঁজার উদ্দেশ্যে কিছু দূর এগিয়ে আসলে বাড়ির রাস্তা ভুলে দীর্ঘক্ষণ হেটে চলে আসে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা সতীশ বাবু লেইনে। বাইরে বৃষ্টিতে ভিজে অন্ধকারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কান্না করার পর পথচারী সায়েম ফাতেমাকে কোতোয়ালী থানায় নিয়ে আসে।
ফাতেমার তখন কাকভেজা অবস্থায় নাক ও চোখ দিয়ে পানি ঝরছিল আর পুরো শরীরে কাঁপুনি। কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে নিয়ে দ্রুত ফাতেমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে কিন্তু দুঃখের বিষয় ফাতেমা তার মা-বাবার নাম ছাড়া আর কোন কিছুই বলতে পারেনি।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলী কোতোয়ালী থানায় এসে ফাতেমার সাথে দেখা করেন এবং কথা বলে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। কমিশনার নির্দেশে সিএমপি সকল থানাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পেইজে ফাতেমার ছবিসহ সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রদান করা হয়।
পরবর্তীতে ফাতেমার পরিবার বাকলিয়া থানায় গিয়ে ফাতেমার তথ্য পেয়ে অশ্রুসিক্ত চোখে কোতোয়ালী থানায় ছুটে আসে। কোতোয়ালী থানা পুলিশ শিশু ফাতেমাকে সেবা যত্ন দিয়ে তাঁর বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy