
চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকায় সামাজিক আলোচনা অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাঞ্চল্যকর রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন’কে ২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭।
আটককৃত আসামী মোঃ জসিম উদ্দিন (৪৮) হাটহাজারী থানাধীন পূর্ব মন্দাকিনী এলাকার মৃত ইব্রাহিম এর ছেলে।
আজ শনিবার ৬ ডিসেম্বর র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ০৫ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকার জনৈক মুছা সওদাগর তার কন্যা সন্তানের বিবাহ উপলক্ষ্যে নিজ বাড়িতে প্রতিবেশীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনার অনুষ্টান চলাকালে পূর্ববিরোধের জেরে সেখানে উপস্থিত জসিম এবং রবিউল ইসলাম বাবুর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে জসিম উদ্দিন এবং তার অন্যান্য সহযোগীরা দেশীয় ধারোলো অস্ত্র এবং ছুরি দিয়ে রবিউল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় নাজিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, র্যাব-৭ হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ ডিসেম্বর দিবাগত রাত ১২:১০ মিনিটে নাজিরহাট বাজার এলাকা থেকে হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে আটক করা হয়।
আটককৃত অভিযুক্ত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : K. Chy