
মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে হত্যাসহ ৭টি মামলায় ১৮দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (১৮ জুন) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই রিমান্ড আদেশ দেন। ওইদিন মামলাগুলোতে আসামিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা এবং সহকারী পাবলিক প্রসিকিউটররা (এপিপি)।
আদালত রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর এবং আসামীপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে সাতটি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সরওয়ার।
এর আগে, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জাফর আলমকে চকরিয়া আদালতে আনার সময় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ চকরিয়া শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে যাতে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তোলার সময় পুরো শহরে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। কারণ যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে।
অপরদিকে, সাবেক এমপি জাফর আলমকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া উপজেলা আওয়ামিলীগ। সদ্য কারামুক্ত উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে অংশ নেন শতাধিক দলীয় নেতাকর্মী। এসময় তারা অভিযোগ করেন, “একটি চক্রান্তের অংশ হিসেবে জাফর আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে"।
উল্লেখ্য, জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এবং উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রের দায়িত্বও পালন করেছিল।
সম্পাদক ও প্রকাশক : K. Chy