
চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হওয়া এক ভাঙারি ব্যবসায়ীর পক্ষেমামলাটি দায়ের করেছেন স্থানীয় এক সাংবাদিক। মামলার অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন দৈনিক সময়ের আলো ও একুশে পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মো. বেলাল উদ্দিন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী (৫০), চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী (৫২), বাঁশখালীর সাবেক মেয়র তোফায়েল বিন হোছাইন (৪৫), শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন (৪২) ও ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশীদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে শেখেরখীল রাস্তার মাথা এলাকায় নিরীহ-নিরস্ত্র ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন শতশত ছাত্র জনতা শেখেরখীল রাস্তার মাথার মোড়ে দুপুর ২টার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে অবস্থান নেন। আসামিরা চাম্বল বাজারের দক্ষিণ পাশে জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাতে বাঁশ, কাঠের লাঠি, ইট, পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়িভাবে গুলিবর্ষণ করতে থাকে। তাদের গুলির আওয়াজ পেয়ে বাদীসহ অন্যান্যরা আতঙ্কিত হয়ে শেখেরখীল রাস্তার মাথার দক্ষিণে যাত্রা শুরু করলে চেয়ারম্যান ঘাটার সামনে আগে থেকে অবস্থান নেওয়া অন্যান্য আসামিরা বিদেশী অস্ত্রসহ ছাত্রজনতার উপর ইট-পাটকেল ও গুলিবর্ষণ করতে থাকে। এছাড়া আনুমানিক ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
দুইদিক থেকে আসামিরা অতর্কিত আক্রমণ করে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে আন্দোলরত শতশত ছাত্র জনতাকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। শেখেরখীল, রাস্তার মাথার মোড়ে পশ্চিম দিকে যাওয়ার সময় বায়তুশ শরফ মসজিদের সামনে রাস্তার ওপর পৌঁছলে ছাত্র-জনতাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে আসামিদের ছোঁড়া ছররা গুলি শরীরের বিভিন্ন জায়গায় লেগে শাকের উল্লাহ (২৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী গুরুতর জখম হয়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে আসামিরা তাকে অমানসিক নির্যাতন করে এবং জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা তাকে মৃত ভেবে চলে যায়।
মামলার বাদী সাংবাদিক বেলাল উদ্দিন বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ভাঙারি মাল ব্যবসায়ী শাকের উল্লাহ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করেছে। সে বর্তমানে ক্রেচে ভর দিয়ে চলাফেরা করে। আইনের আশ্রয় নেওয়ারও সামর্থ্য নেই তার। তাই শাকের উল্লাহ ও তার স্বজনদের অনুমতি নিয়ে আমি বাদী হয়ে মামলা করেছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশী।’
মামলার বিষয়টি সিভয়েস২৪'কে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ভুক্তভোগী শাকের উল্লাহর পক্ষ থেকে এক সাংবাদিক মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy