
চট্টলার কণ্ঠ ডেস্কঃচট্টগ্রাম নগরের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সবুজ প্রকাশ বার্মা সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও বেশি মামলা রয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
গ্রেপ্তার মো. সবুজ নগরের বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ, সাইফুল, ফাহিম—তিন ভাই। তাদের সবারই রয়েছে নিজস্ব বাহিনী। জায়গা দখল, মাদক ব্যবসা থেকে মানুষ খুন—এসব সন্ত্রাসী কাজে সিদ্ধহস্ত তারা। সবুজ পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তার ভাই সাইফুল নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। গত ১১ অক্টোবর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইমন (২৮) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকেই বহিষ্কার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সবুজ, সাইফুল এবং ফাহিমের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরের বাসিন্দারা অতিষ্ঠ। প্রকাশ্যে চাপাতি ও কিরিচ হাতে মহড়া কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি—এসব তাদের জন্য নিত্যদিনকার ঘটনা। মূলত বিভিন্ন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠান চাঁদাবাজি-লুটপাট করতেই তারা এই বাহিনী গড়ে তুলেছে। বার্মা সাইফুল ও তার ভাই বার্মা সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনি, হিলভিউ, মোহাম্মদনগর, আমিন জুট মিলস, আলীনগর, পাঁচলাইশ থানাধীন ফরেস্ট, রংপুর কলোনি ও হামজারবাগ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের চাঁদাবাজি, অস্ত্রবাজি চলতে থাকে।
বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, সাইফুল ও তার ভাই সবুজ নগর ছাত্রদলের সাবেক নেতা আহমদুল আলমের অনুসারী। আবার আহমদুল আলম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের অনুসারী।
চলতি বছরের জানুয়ারিতে হিলভিউ এলাকায় ইয়াবার মাসোহারাকে কেন্দ্র করে বার্মা সুবজের নেতৃত্বে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। এ সময় বাধা দিলে আবদুল্লাহ আল মাহমুদ বাবু নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মিছিল করে ও ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এরপর গত ২৫ সেপ্টেম্বর রাতে চাঁদা না পেয়ে খুলশী থানার কর্ণফুলী কাঁচাবাজারে সামনের রেললাইনে বসা দুই দোকানি আলাউদ্দিন ও রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাইফুল ও সবুজের দলের লোকজন।
গত ২৯ অক্টোবর দুপুরে বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকায় সাংবাদিক হাউজিং সোসাইটি রোডে বার্মা সাইফুল ও তার ভাই সবুজ গ্রুপের সাথে নগর যুবদল নেতা মাহবুব রহমানের গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
উল্লেখ্য, সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ২০২১ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy