
চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওয়ার্কশপের পুরাতন মালামালে আগুন লাগে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওয়ার্কশপের পুরাতন মালামালে আগুন লাগে বলে জানা গেছে।
রেল সূত্রে জানা গেছে, পাহাড়তলী ওয়ার্কশপের সিএইচআর শপে স্তুপ করে রাখা পুরাতন মালামালে রাত সোয়া ৯টার পর আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে স্ক্রাপ মালামালের স্তুপে আগুন লাগা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। কারণ ওখানে বর্তমানে কোনো কাজ চলমান নেই। তাছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগার সুযোগ নেই।
রেলের একটি সূত্র বলছে, বর্তমানে ওয়ার্কশপে শুধু আরএনবি ও কিছু আনসার সদস্য ডিউটিতে আছে। কোনো সিভিল ওয়ার্কার নেই। এই সময়ে সেখানে আগুন লাগার সুযোগ খুবই কম। কেউ হয়তো পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে।
তবে রেলের আরেকটি সূত্র বলছে, মালামালগুলো নিলামে বিক্রি হওয়া। সেগুলো কেটে কেটে টুকরো করা হচ্ছে। গ্যাস হোল্ডার দিয়ে কাটার ফলে সেখানে আগুনের ফুলকি ও মালামাল তাপে গরম হয়ে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন দেখে আরএনবি ও আনসার সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলীর বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) মোস্তফা জাকির হাসান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ার্কশপের পুরাতন স্ক্রাপ মালামালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি তথ্য জানাতে পারেননি।
পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে জানতে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনকে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : K. Chy