
চট্টলার কণ্ঠ ডেস্ক: নগরের অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর নির্মিত রাস্তায় ধসের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট রাতে টানা বৃষ্টির কারণে খালের ওপর নির্মিত ওই সড়কে ধসের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একজন প্রতিনিধি এবং চসিকের নির্বাহী প্রকৌশলী (সিভিল), যিনি তদন্ত কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।
ওই অফিস আদেশে আরও বলা হয়, ধসের সুনির্দিষ্ট কারণ চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ দিতে এই কমিটি কাজ করবে।
উল্লেখ্য, নগরের অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর নির্মিত একটি ব্রিজ ধসে পড়েছে। টানা রাতভর বৃষ্টির পর পানির প্রবল ঢলে বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে সড়ক বিভাজিত হয়ে পড়ে। ফলে সড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক : K. Chy