
পরিবেশ দূষণ রোধ, একবার ব্যবহারযোগ্য পলিথিনের ব্যবহার কমানো এবং টেকসই বিকল্প ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার ২৭ জুলাই চট্টগ্রামের চকবাজার কাঁচাবাজারে অনুষ্ঠিত হয় "Youth Led Anti-plastic Campaign on Renewable Energy and Alternative Solution" শীর্ষক এক ব্যতিক্রমী যুব উদ্যোগ।
অ্যাক্টিভিস্টা চট্টগ্রামের উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে সাধারণ পথচারী, বাজারের ব্যবসায়ী এবং ২০০-এর অধিক যুবক-যুবতী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাঁচাবাজারের জন্য তিনতলা আধুনিক বাজার নির্মাণ করলেও বর্তমানে ধুনিরপুল থেকে ঘাসিয়াপাড়া মোড় পর্যন্ত সড়কের ওপর বাজার বসার কারণে যানজট, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ প্রেক্ষাপটে বাজার কমিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পেইনে পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে বাজার কমিটির মাধ্যমে নির্বাচিত দোকানগুলোতে পলিথিনের পরিবর্তে যুবদের তৈরি পুনর্ব্যবহারযোগ্য জিন্স ব্যাগ বিতরণ করা হয় এবং পরিবেশবান্ধব দোকান হিসেবে নির্ধারিত দোকানগুলোতে বিশেষ সাইনেজ স্থাপন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শাহাজাদা মোহাম্মদ দেলোয়ার বলেন, যদি বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষ এ উদ্যোগ অব্যাহত রাখেন, তবে আগামী দুই মাসের মধ্যে চকবাজার কাঁচাবাজারকে "পলিথিনমুক্ত বাজার" হিসেবে ঘোষণা করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কাজ করবে।
এ সময় চকবাজার কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এমদাদুল হক বাদশা যুবদের এ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বাজারকে পলিথিনমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী সমিতি সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্বাক্ষর (Signature) ক্যাম্পেইন-ও অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পলিথিনমুক্ত বাজার গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে পরিবেশবান্ধব উদ্যোগ, প্লাস্টিকের বিকল্প ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই চট্টগ্রাম গড়ে তোলাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগগিরই চকবাজার কাঁচাবাজার চট্টগ্রামের প্রথম দিকের পলিথিনমুক্ত বাজার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy