
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সরকারি রাস্তার পাশের বন বিভাগের গাছ অবৈধভাবে কেটে বিক্রির মামলায় ১ নম্বর আসামি মো. হাবিবুর রহমান ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান ডাকুয়া উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত সুলতান ডাকুয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উত্তর ভিটাবাড়িয়া এলাকায় সরকারি রাস্তার পাশের বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কেটে নেওয়ার অভিযোগে ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় হাবিবুর রহমান ডাকুয়া, বেলাল হোসেন আকন, মো. হালিম ও আঃ আলিম কে আসামি করা হয়।
অভিযোগ রয়েছে, আসামিরা গাছগুলো আব্দুল আলিম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। গত বুধবার (২১ অক্টোবর) গাছ কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান অভিযান চালিয়ে কাটা গাছগুলো জব্দ করেন। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সরকারি গাছ কাটার মামলায় এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy