
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, জেলা প্রতিনিধি, পিরোজপুর।পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চেয়ারম্যানের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক নিয়োগ দেওয়া ইউনিয়নগুলো হলো,ডিটাবাড়ীয়া, নদমূলা-শিয়ালকাঠী, তেলিখালী, ধাওয়া ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১-এর উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর ডিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, ২ নম্বর নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদে সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মো. রুস্তম আলী, ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈনুল হাসানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উল্লিখিত প্রশাসকগণ নিয়োগের তারিখ হতে স্থানীয় সরকার আইন, ২০২৪-এর ১৮(১) ধারা মোতাবেক কেবলমাত্র এক মেয়াদে ১২০ দিনের অধিক সময় দায়িত্বে থাকতে পারবেন না।
এতে আরও উল্লেখ করা হয়, কোনো দৈব-দুর্বিপাক, অতিমারি, মহামারি ইত্যাদি কারণে এই আইনের বিধান মোতাবেক নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে মেয়াদ বৃদ্ধির কারণ যথাযথভাবে উল্লেখ পূর্বক সরকারের অনুমতি গ্রহণ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy