
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের মান ও উপস্থিতি যাচাইয়ে ইউএনওর পরিদর্শনে দুই দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি হতাশাজনক চিত্র উঠে এসেছে। একটি মাদ্রাসায় ১৩ শিক্ষকের মধ্যে ছয়জন এবং অন্যটিতে পাঁচজন অনুপস্থিত ছিলেন। দুটি মাদ্রাসা থেকেই ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ গ্রামের জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা ও পাশের দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা ঘুরে দেখেন ইউএনও। প্রথম মাদ্রাসায় ১৩ শিক্ষকের মধ্যে সুপারসহ ছয়জন অনুপস্থিত ছিলেন। পাঁচ কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুজন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে দুই থেকে চারজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও নবম ও দশম শ্রেণিতে কাউকে পাওয়া যায়নি।
অন্যদিকে দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় ১৩ শিক্ষকের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। শ্রেণিভেদে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৩ থেকে ১৩ জন।
পরিদর্শনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম পাওয়া যায়। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতি মোটামুটি সন্তোষজনক ছিল।
পরিদর্শনকালে সরকারি নির্দেশনা অমান্যকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে দুটি মাদ্রাসার উপস্থিতি ও পরীক্ষার ফলাফল উদ্বেগজনক। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়গুলো খতিয়ে দেখা হবে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy